ইষাণের ঝড়েও দুইশো ছোঁয়া হলো না ভারতের PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ডেস্ক রিপোর্ট: কলম্বোর উইকেটে ভারতীয় ব্যাটিংয়ের শুরু মনে করিয়েছে বড় সংগ্রহের স্বপ্ন, কিন্তু শেষ পর্যন্ত সেই উড়ান থেমে যায় মিডল অর্ডারের চাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ শুরু পেয়েও বড় সংগ্রহ গড়া হলো না ভারতের। আজ কলম্বোয় টস জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা আগে ব্যাট করতে পাঠান ভারতকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তুলেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে, যদিও শুরুটা ইঙ্গিত দিচ্ছিল দুইশো ছাড়ানোর। প্রথম ওভারেই বল হাতে এসে আঘাত হানেন সালমান। কোনো রান না করেই ফিরে যান অভিষেক শর্মা। তবে শুরুতে ধাক্কা সামলে ইনিংসের হাল ধরেন ওপেনার ইষাণ কিষাণ। দ্বিতীয় উইকেটে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে চাপ কাটিয়ে ওঠেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে মাত্র ২৭ বলে পূর্ণ করেন অর্ধশতক। তার ব্যাটে ছিল বাউন্ডারির ঝলক-৪০ বলে ৭৭ রানের ইনিংসটি সাজানো ১০টি চার ও তিনটি ছয়ে। সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন, কিন্তু সাইম আইয়ুব সেই স্বপ্ন থামিয়ে দেন। ইষাণের বিদায়ের পর ভারতের ইনিংসে ছন্দপতন শুরু হয়। তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব ৩৭ রানের জুটি গড়লেও বড় রানে রূপ দিতে পারেননি। তিলক ২৪ রানে আউট হন, আর পরের বলেই ফেরেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘ সময় ক্রিজে থেকেও প্রত্যাশা পূরণ করতে পারেননি অধিনায়ক সূর্যকুমার; ২৯ বলে ৩১ রান করে উসমান তারিকের শিকার হন তিনি। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৯২ রান তোলা ভারত শেষ ১০ ওভারে হারায় ৫ উইকেট, যোগ করে মাত্র ৮৩ রান। শেষ পাঁচ ওভারে ৪৮ রান তুলতে গিয়ে তিন উইকেট হারানোই বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। পুরো ইনিংসে ভারতীয় ব্যাটাররা ৪৩টি ডট বল খেলেছেন, যা রানের গতি কমিয়ে দেয়। পাকিস্তানের বোলারদের মধ্যে সাইম আইয়ুব ছিলেন সবচেয়ে সফল, ৩ উইকেট নেন তিনি। শেষ ওভারে ১৬ রান খরচায় দুই উইকেট তুলে নেন শাহিন, যদিও ম্যাচজুড়ে তার বোলিং খুব একটা মিতব্যয়ী ছিল না। সালমান ও উসমানও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ভারতের গতি থামান। দারুণ সূচনা সত্ত্বেও মধ্য ও শেষভাগে ব্যাটিং ব্যর্থতায় দুইশো রানের সম্ভাবনা হাতছাড়া হয় ভারতের। ইষাণ কিষাণের ঝলমলে ইনিংসই তাই শেষ পর্যন্ত হয়ে থাকে ভারতের ব্যাটিংয়ের মূল আলো। সংক্ষিপ্ত স্কোর- ভারত: ২০ ওভারে ১৭৫/৭ (ইশান ৭৭, সূর্যকুমার ৩২, দুবে ২৭, তিলক ২৫; সাইম ৩/২৫, সালমান ১/১০, উসমান ২৪/১)। SHARES খেলাধুলা বিষয়: