ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আমাদের শিশুরা যাতে পুষ্টিহীনতায় না ভোগে, সে জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হচ্ছে। আমাদের যে পরিকল্পনা, সে অনুযায়ী একটি স্কুলও খাবারবিহীন থাকবে না। একটি স্কুলও টেবিল ছাড়া থাকবে না। কোনও শিক্ষার্থী স্কুলড্রেস ছাড়া থাকবে না। তাদের জন্য আমরা সব ধরনের আরামদায়ক শিক্ষার ব্যবস্থা করছি।
বৃহস্পতিবার (৪ জুন) মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শিশুদের। তাই তাদের জন্য আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’কে তিনি অগ্রাধিকার দিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তোলার জন্য খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সারা দেশের শিশুদের জন্য স্কুল ড্রেস প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে এবং মনোযোগের সাথে লেখাপড়া করতে পারে, সেজন্য মিড ডে মিল (স্কুল ফিডিং) চালু করা হয়েছে। এ বছরের মধ্যেই দেশের সকল স্কুলে মিড ডে মিল দেয়ার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজকে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, আমার মনে হয় বিশ্বে একটি রেকর্ড। ৬৫ হাজারে ওপরে প্রতিষ্ঠানের এখানে প্রতিনিধিত্ব আছে। এখান থেকে বেরিয়ে আসবে আগামী দিনের মেসি। এই ছোট থেকেই তাদের নিরাপদ এবং খেলাধুলার জন্য সৃষ্টি করছি। আমরা দেখেছি এশিয়ান গেমসে নারীরা জিতে এসেছে।’
এহসানুল হক মিলন বলেন, শিশুদের মধ্যেই রয়েছে আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন খেলাধুলায় পারদর্শী হয়ে গড়ে উঠতে পারে, সেজন্য এই টুর্নামেন্ট বিশেষ ভূমিকা পালন করবে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।