ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার–এর বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ মার্চ) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে এবং ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার পরই সব প্রসিকিউটরকে সতর্ক করা হয়েছে—দুর্নীতির কোনো অভিযোগ সহ্য করা হবে না।
চিফ প্রসিকিউটর বলেন, সংশ্লিষ্ট প্রসিকিউটর ইতোমধ্যে পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগ গৃহীত হয়েছে। তারপরও বিষয়টি গুরুতর হওয়ায় কার্যালয় থেকে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।
তিনি আরও বলেন, যে নিউজটা আমরা পেয়েছি এটা সিরিয়াস অভিযোগ। এ ধরনের অভিযোগ আমাদের কোন প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। এটা নিয়ে আমাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।