দায়িত্বশীল আচরণে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে: ডা. শফিকুর রহমান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ডেস্ক রিপোর্ট: সমবেত প্রচেষ্টায় সরকারি ও বিরোধী দল মিলে দায়িত্বশীল আচরণ ও দায়বদ্ধতা নিয়ে কাজ করলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে রাজধানী ঢাকার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে মতবিনিময়ের আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় আমিরে জামায়াত বলেন, বিগত সময়ে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সব স্ট্রাকচারই ধ্বংস হয়ে গেছে। এগুলো ফিরিয়ে আনতে হলে অবশ্যই দায়িত্ব বেশি সরকারি দলের। তাদেরকেই মূল ভূমিকা রাখতে হবে। তারা যদি মূল ভূমিকা রাখেন তাহলে রাষ্ট্রের যে অঙ্গগুলো বিকল হয়ে পড়েছে সে এগুলো সচল করা সম্ভব বলে আমরা মনে করি। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কোনো বিকল্প আপাতত নেই। আমাদেরকে সেদিকেই ফিরে যেতে হবে। যদিও এই পরিবেশ ফিরিয়ে আনা খুব সহজ বিষয় নয়। অনেক চ্যালেঞ্জ আছে সামনে, আমরা বুঝি। চ্যালেঞ্জ যাই থাকুক যদি উভয়ের দলের আন্তরিকতা থাকলে আমরা ইনশাল্লাহ পারবো। তিনি বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে সর্বত্র ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। এই জায়গাগুলোকে অবশ্যই পরিচ্ছন্ন করতে হবে। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সঙ্গেই থাকবো ইনশাল্লাহ। জনস্বার্থ সংরক্ষণ দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব। এদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেই জাতির পাশে থেকে দায়িত্ব পালন করব। সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসেবে ১১ দলীয় ঐক্য জোট কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে আমরা সেই কালচারটা সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই। সংসদের দুটি অঙ্গ, একটি সরকারি দল আরেকটি থাকবে বিরোধী দল। এটাই স্বাভাবিক। বিরোধীদল যেন সংসদে কথা বলার অধিকার পায় সেটা আমরা আশা করবো। তখন সরকারের দায়িত্ব যারাই নেবেন দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের দিক থেকে নৈতিক দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। তিনি বলেন, আমরা তাদেরকে (সরকারি দল) আশ্বস্ত করবো দেশ এবং জাতির স্বার্থে আপনাদের পাশে আছি। আমরা হাতে হাত রেখে কাজ করবো। স্বার্থ বিঘ্নিত হলে আমরা আমাদের দায়িত্ব পালন এই পাহারাদারির মধ্য দিয়ে একটা জাতিকে আমরা কাঙ্ক্ষিত গণতন্ত্রের রাস্তায় উঠাতে পারবো বলে আমরা আশাবাদী। দেশবাসীর সহযোগিতা কামনা জামায়াত আমির বলেন, দেশবাসী আপনারা ছিলেন আমাদের পাশে ছিলেন, আমরাও আছি। আমরা আপনাদেরকে ছেড়ে কোথাও যাবো না। সুদিন দুর্দিন যাই আসুক আমরা দেশবাসীর সঙ্গে থাকবো। আগামীকাল থেকে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনুক নতুন দ্বারা সুস্থ রাজনীতির বিকাশ ঘটুক এবং মানুষের জীবনে শান্তি এবং নিরাপত্তা ফিরে আসুক আমাদের যুবকদের প্রত্যাশা পূরণ হোক তাদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার জন্য রাষ্ট্র যেন পদক্ষেপ নেয় সেই পদক্ষেপের আমরাও গর্বিত অংশীদার হতে চাই। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এ টি এম আজহারুল ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, মাওলানা আ. ন. ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, রফিকুল ইসলাম খান, মতিউর রহমান আকন, নির্বাহী পরিষদ সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। SHARES রাজনীতি বিষয়: