নির্বাচনী নিরাপত্তায় আজ থেকে দেশজুড়ে নামছে সেনাবাহিনী ও ১,০৫১ ম্যাজিস্ট্রেট

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬
নির্বাচনী নিরাপত্তায় আজ থেকে দেশজুড়ে নামছে সেনাবাহিনী ও ১,০৫১ ম্যাজিস্ট্রেট

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর পাশাপাশি আজ থেকে মাঠে নামছেন ১ হাজার ৫১ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ মোতায়েন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সেনাবাহিনী আগে থেকেই মাঠে থাকলেও আজ থেকে তাদের উপস্থিতি ও তৎপরতা আরও বাড়বে। ভোটের আগে ও পরে মোট সাতদিন তারা আনুষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।

কমিশনার আরও জানান, সারাদেশে নির্বাচনের অনুকূল পরিবেশ বিরাজ করছে। জেলাগুলোতে ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে এবং রিটার্নিং অফিসাররা তা গ্রহণ করছেন। শাহবাগ এলাকার সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে এবং নির্বাচন কমিশন অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা রোধে কঠোর অবস্থানে রয়েছে।