নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনি অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে সারাদেশে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানায়, নির্বাচন-সংক্রান্ত অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের লক্ষ্যে ২৯৯টি সংসদীয় আসনে মোট ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা ভোটের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন—মোট পাঁচ দিন দায়িত্বে থাকবেন।

এদিকে তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতি উপজেলা ও নির্বাচনি থানায় ন্যূনতম দুইজন করে মোট ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচনি এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালনের জন্য রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী আরও ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা ভোটের আগের চার দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন—মোট সাত দিন দায়িত্ব পালন করবেন।

সব মিলিয়ে এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।