ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ জয়ের অন্যতম ফেবারিট নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচেই হোঁচট খেল। রটারডামে অনুষ্ঠিত ম্যাচে উত্তর আফ্রিকার দল আলজেরিয়ার কাছে ১–০ গোলে হেরে গেছে ডাচরা।
ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। একের পর এক সুযোগ তৈরি করলেও তারা গোল করতে পারেনি। অন্যদিকে ম্যাচের ৮৬তম মিনিটে হাজ মুসার বাঁ-পায়ের দুর্দান্ত বাঁকানো শটে এগিয়ে যায় আলজেরিয়া, আর সেই গোলেই ম্যাচ জিতে নেয় তারা।
আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল হাজ মুসার প্রথম গোল। বিশ্বকাপ শুরুর আগে এমন হার নেদারল্যান্ডস দলের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। ম্যাচ শেষে ডাচ দল আজই বিশ্বকাপে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দেবে।
আলজেরিয়ার হয়ে গোলরক্ষক হিসেবে দারুণ পারফরম্যান্স করেন লুকা জিদান, যিনি পুরো ম্যাচে নেদারল্যান্ডসের একাধিক আক্রমণ রুখে দেন। তিনি ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে এবং বর্তমানে স্পেনের ক্লাব গ্রানাডা সিএফ-এ খেলছেন। তার এই পারফরম্যান্সে বিশ্বকাপে আলজেরিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক হওয়ার দৌড়ে তিনি আরও এগিয়ে গেলেন।
আগামী ১৪ জুন রাতে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নেদারল্যান্ডস। ২০ জুন পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইডেন। আর তিউনিসিয়ার বিপক্ষে ডাচরা গ্রুপে শেষ ম্যাচ খেলবে ২৬ জুন।
আলজেরিয়া ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। ২৩ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। আর ২৮ জুন গ্রুপের শেষ ম্যাচে আলজেরিয়ার প্রতিপক্ষ অস্ট্রিয়া।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।