বজ্রাঘাতে ৫ জেলায় ১১ জনের মৃত্যু PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: দেশের ৫ জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এদের মধ্যে সুনামগঞ্জে ৫ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ২ জন, নেত্রকোনায় একজন ও হবিগঞ্জে একজন মারা গেছেন। সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পাগনার হাওর, মাটিয়ান হাওর, টগার হাওর ও বরাম হাওরে বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ধর্মপাশার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুরে আবুল কালাম (২৫) এবং দিরাইয়ের লিটন মিয়া (৩০)। রংপুর: রংপুরের মিঠাপুকুরে বজ্রাঘাতে ২ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। দুপুরে উপজেলার ছোট শালমারা বিলে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের ছোট হযরতপুর মাঝিপাড়া গ্রামের অলিন রায়ের ছেলে মিলন রায় এবং রামেশ্বরপাড়া গ্রামের আনছের আলীর ছেলে আবু তালেব। হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলী সাহেবের ছেলে। নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলার মেষির হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। ময়মনসিংহ: জেলার দুই উপজেলায় বজ্রপাতে প্রাণ গেছে ২ জনের। এসময় আহত হয়েছে আরও একজন। শনিবার দুপুর ২টায় গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের বায়রাউড়া এলাকায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রহমত উল্লাহ উজ্জল (৪০) নামে এক কৃষক গুরুতর আহত হয়। পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে দুপুরে আকাশে মেঘ দেখে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন গফরগাঁওয়ের পাগলা থানার উস্থি ইউনিয়নের ধাইরগ্রামের মমতাজ আলী নামে এক বৃদ্ধ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। SHARES প্রচ্ছদ বিষয়: দেশের ৫ জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এদের মধ্যে সুনামগঞ্জে ৫ জননেত্রকোনায় একজন ও হবিগঞ্জে একজন মারা গেছেন।ময়মনসিংহে ২ জনরংপুরে ২ জন