ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসির বয়স ৩৮ বছর। কয়েক দিনের মধ্যেই তিনি ৩৯ বছরে পা দেবেন। সম্প্রতি চোট কাটিয়ে মাঠে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে মাঠের পারফরম্যান্সে তার বয়স কিংবা চোটের কোনো প্রভাবই যেন দেখা যাচ্ছে না। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তার জাদু এখনো অটুট। আলজেরিয়ার বিপক্ষে আজ অসাধারণ হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের দাপুটে জয় এনে দিয়েছেন তিনি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শুরু থেকে সক্রিয় ছিলেন মেসি। নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা এই তারকা দ্বিতীয় মিনিটেই রক্ষণভাগে নেমে সতীর্থদের সহায়তা করেন। আক্রমণেও ছিলেন সমানভাবে বিপজ্জনক। ম্যাচের পঞ্চম মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকার এক চিপ শটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
অন্যদিকে অষ্টম মিনিটে পাল্টা আক্রমণ থেকে আলজেরিয়াও গোল করেছিল। ফারেস শাইবি আর্জেন্টিনার জালে বল জড়ালেও ভিএআর পর্যালোচনায় তাকে অফসাইডে পাওয়া যায়। ফলে গোলটি বাতিল ঘোষণা করা হয়।
এরপর ১৭ মিনিটে আসে ম্যাচের প্রথম বৈধ গোল। মাঝমাঠ থেকে রদ্রিগো দি পলের পাস পেয়ে পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান মেসি। ডি-বক্সের বাইরে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার শক্তিশালী বাঁ পায়ের শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান ছুঁতে পারলেও ঠেকাতে পারেননি। বল জালে জড়াতেই এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এই গোলটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ১১৮তম আন্তর্জাতিক গোল এবং বিশ্বকাপে তার ১৪তম গোল। একই সঙ্গে ২০০তম আন্তর্জাতিক ম্যাচটিও স্মরণীয় করে রাখেন তিনি।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন মেসি। বিশ্বকাপে এটি ছিল তার ১৫তম গোল। এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর বিশ্বকাপ গোলসংখ্যাকে স্পর্শ করেন। তার সামনে এখন কেবল ১৬ গোল নিয়ে শীর্ষে থাকা মিরোস্লাভ ক্লোসা।
তবে সেদিনের গল্প তখনও শেষ হয়নি। ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। আক্রমণের সূচনা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নিজেদের অর্ধ থেকে বল বাড়ানোর পর কয়েকজনের পা ঘুরে বল পৌঁছে যায় অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের কাছে। তার নেওয়া শট লুকা জিদান পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারলে ফিরতি বলে ঠান্ডা মাথায় জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসির পায়ে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, ছুঁলেন ক্লোসাকে! বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন এই দুইজন । সমান ১৬ গোল করে যৌথভাবে শীর্ষে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা এবং মেসি!
মেসির তিন গোলে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার কীর্তি গড়া মেসি এদিন আরও একবার দেখিয়ে দিলেন, বয়স তার প্রতিভা ও প্রভাবকে এতটুকুও ম্লান করতে পারেনি। বিশ্বকাপের মঞ্চে পাঁচ আসরে গোল করার পর ষষ্ঠ আসরেও গোলের দেখা পেয়ে নিজের অনন্য অধ্যায়ে নতুন মাত্রা যোগ করলেন তিনি।