ভোটকেন্দ্রের ৪০০ গজে মোবাইল নিষিদ্ধ, প্রত্যাহারের আহ্বান হাসনাতের PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ডেস্ক রিপোর্ট: ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি এ সিদ্ধান্তকে হঠকারী উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, এ সিদ্ধান্ত কার্যকর হলে ভোটারদের মোবাইল ফোন ঘরে রেখে ভোটকেন্দ্রে যেতে হবে। এতে মোবাইল সাংবাদিকতা (মোজো) ও সিটিজেন জার্নালিজমের সুযোগ সীমিত হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন। তিনি দাবি করেন, ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল নিষিদ্ধ করার পেছনে সুস্পষ্ট কোনো যৌক্তিকতা নেই। জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করা কঠিন হয়ে পড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, অনেক ভোটার নিরাপত্তার কারণে মোবাইল সঙ্গে রাখতে চান। এ কারণে কেউ কেউ ভোট দিতেও অনীহা দেখাতে পারেন। তার পোস্টে আরও বলা হয়, সাংবাদিক ও সাধারণ মানুষের হাতে থাকা মোবাইল ফোন অনিয়ম বা জালিয়াতির ছবি ও ভিডিও দ্রুত তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কেবল সিসি ক্যামেরার ওপর নির্ভর করলে তাৎক্ষণিকভাবে সব অনিয়ম প্রকাশ করা সম্ভব নাও হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের সিদ্ধান্তে ভোটকেন্দ্রের অনিয়ম তুলে ধরার সুযোগ কমে যেতে পারে। তাই তিনি নির্বাচন কমিশনের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। SHARES জাতীয় বিষয়: