ভোট দিলেন জামায়াত আমির

প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

ডেস্ক রিপোর্ট: ঢাকা-১৫ আসনে সকাল ৮.২৭ টায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।

এই আসনে ভোট শুরুর আগেই কেন্দ্রে সামনে ভোটারদের লাইন দেখা গেছে। সকাল সোয়া ৭ টায় জাহানার প্রি-ক্যাডেট স্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্রে এমন লাইন দেখা গেছে। কেন্দ্রগুলোর বাইরে বিএনপি-জামায়াতের কর্মী সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে।

এই আসন থেকে লড়ছেন জামায়াতের শীর্ষ নেতা শফিকুর রহমান। তার সঙ্গে বিএনপি সমর্থিত শফিকুল ইসলাম খানের প্রতিদ্বন্দ্বিতায় আভাস দিয়েছেন ভোটাররা।

জামায়াত নেতা শফিকুর রহমান এর আগে ২০১৮ সালে নির্বাচন করেছিলেন। তবে নিবন্ধন না থাকায় বিএনপির প্রতীক ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। আওয়ামী লীগের অধীনে হওয়া সেই নির্বাচনে তৎকালীন সরকারদলীয় প্রার্থী কামাল আহমেদ মজুমদারের কাছে পরাজিত হয়েছিলেন।

আসনের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন সিপিবির আহাম্মদ সাজেদুল হক, জাতীয় পার্টির মো. সামসুল হক, বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমান উল্লাহ, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন ও আমজনতার দলের মো. নিলাভ পারভেজ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড (মিরপুর-কাফরুল) নিয়ে ঢাকা-১৫ আসন গঠিত। তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, মিরপুর ১০, মিরপুর ১৪, কচুক্ষেত ও পূর্ব সেনপাড়াসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকা এ আসনে পড়েছে। এ আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন, যার মধ্যে নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯০২ জন। অর্থাৎ, মোট ভোটের প্রায় ৪৯ শতাংশ নারী।