মন্ত্রিসভায় শান্তকে দেখতে চায় মানিকগঞ্জবাসী PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬ মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে মন্ত্রিসভায় দেখতে চায় জেলার মানুষ। নির্বাচনে বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের আলোচনায় একটি নামই বেশি উচ্চারিত হচ্ছে শান্ত। সততা, স্বচ্ছ ভাবমূর্তি ও উন্নয়নমুখী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি ইতোমধ্যে জেলার মানুষের আস্থা অর্জন করেছেন। তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ নাগরিক সব শ্রেণি-পেশার মানুষের মধ্যেই রয়েছে তাকে ঘিরে প্রত্যাশা। রাজনৈতিক ঐতিহ্যের দিক থেকেও তিনি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছেন। তার পিতা মরহুম সামসুল ইসলাম খান নয়া মিয়া দেশের শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে গ্রাম পর্যায়ে বিদ্যুৎ সম্প্রসারণসহ নানা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করেন। ঢাকার সঙ্গে মানিকগঞ্জের যোগাযোগব্যবস্থা উন্নয়নে তার ভূমিকা আজও স্মরণীয়। নিয়মিত বাস সার্ভিস চালুর মতো পদক্ষেপ সে সময় জেলার অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন এনেছিল। সচেতন মহলের মতে, পিতার উন্নয়নধারাকে সামনে রেখে ইঞ্জিনিয়ার শান্ত আধুনিক, পরিকল্পিত ও টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে রাজনীতিতে এগিয়ে চলেছেন। নির্বাচনী প্রচারণায় তিনি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর সেবার কথা জোর দিয়ে তুলে ধরেন। জেলার মানুষের বিশ্বাস তার মেধা, পেশাগত দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি মন্ত্রিসভায় কাজে লাগানো হলে মানিকগঞ্জের উন্নয়ন আরও গতিশীল হবে। এখন মানিকগঞ্জবাসীর চোখ দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের দিকে। তাদের প্রত্যাশা জেলার উন্নয়নের স্বার্থে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: