সংসদে যাচ্ছেন নাহিদ-আখতারসহ এনসিপির যারা

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই গণঅভ্যুত্থানের পরে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন নেতা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই ছয়জন এবারের জাতীয় সংসদে দলটির প্রতিনিধিত্ব করবেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ৩০ আসনে প্রার্থী দিয়েছিল দলটি।

এনসিপির নেতাদের মধ্যে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে ফলাফলে ২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম। এই আসন থেকে শাপলা কলি প্রতীকে তিনি মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।

রংপুর-৪ (পীরগাছা কাউনিয়া) আসনে বেসরকারিভাবে ১১ দলীয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। আখতারের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হজার ৯৪৪ ভোট।

কুমিল্লা-৪ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের জসীম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রাম-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় ঐক্যের শাপলা কলি প্রার্থী ও এনসিপি নেতা ড. আতিক মুজাহিদ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এনসিপির ড. আতিক মুজাহিদ ১ লাখ ৫৬ হাজার ৫০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দীর চেয়ে ১০ হাজার ৮০০ ভোট বেশি পেয়েছেন।

নারায়ণগঞ্জে-৪ আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের প্রার্থী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।