সংসদ সদস্য হয়ে প্রথমেই পিতার কবর জিয়ারতে আরমান

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬

মানিকগঞ্জ প্রতিনিধি: সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমেই পিতার কবর জিয়ারত করলেন ঢাকা-১৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ জেলা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পিতা শহীদ মীর কাসেম আলীর কবর জিয়ারত করেন তিনি।

জিয়ারত শেষে সংক্ষিপ্ত আলোচনায় ব্যারিস্টার আরমান বলেন, সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন থাকবো। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত আছি। আমরা জান দিব, তবু জুলাই দিব না।

তিনি আরও বলেন, শহীদ হাদি ভাইয়ের বিচার এ মাটিতেই হতে হবে। আবু সাঈদের বিচারও এই মাটিতেই হতে হবে।

তিনি দাবি করেন, শহীদের উত্তরসূরি হিসেবে অধিকার আদায়ের আন্দোলনে তারা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা লক্ষ্যে পৌঁছাব হয়তো মরে যাবো, তবুও পিছু হটবো না।

পিতার স্মৃতিচারণ করে ব্যারিস্টার আরমান বলেন, তাঁর পিতা শহীদ মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন আগে তাঁকে জোরপূর্বক গুম করা হয়েছিল। আল্লাহর অশেষ কৃপায় মানুষের অধিকার আদায়ের জন্য আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, ন্যাশনাল ডক্টরস ফোরাম (নিটোর) এর সেক্রেটারি ডাঃ মো: সাহিদুর রহমান খান, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, হরিরামপুর উপজেলা আমির হাফেজ লোকমান হোসেন এবং উপজেলা সেক্রেটারি মোঃ ফারুক হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে সকালে তিনি হরিরামপুরের আন্ধার মানিক দারুল আমান ট্রাস্টে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে ব্যারিস্টার আরমানকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।