হামলা-দখল থামানো না হলে ভোট সুষ্ঠু হবে না: শফিকুর রহমান

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট কেন্দ্র দখল এবং নেতাকর্মীর ওপর হামলা যদিনিয়ন্ত্রণ করা না হয়, তবে ভোট সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে তারা মেনে নিতে পারবেন না বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে মিরপুরে নিজের নির্বাচনি ঢাকা-১৫ আসনের ভোটকেন্দ্র পরিদর্শনের পর জরুরি সংবাদ সম্মেলনে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষের স্বাধিকার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সেই চেতনার বিজয় আজকের নির্বাচনে ফুটে উঠবে। ফ্যাসিবাদ বিরোধী সকল আত্মদানের সম্মিলিত ফসলই আজকের ভোট।

তিনি অভিযোগ করেন, মিরপুরের একটি কেন্দ্রে বিরোধী প্রার্থীর সমর্থকেরা জামায়াত সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র দখল ও এক জায়গায় প্রার্থীকে চড়াও হওয়ার ঘটনা ঘটেছে। এগুলো নিয়ন্ত্রণ করা না হলে আমরা ভোটের ফলাফলকে স্বীকৃতি দিতে পারব না উল্লেখ করেন তিনি।

তবে জামায়াত আমির সন্তোষ প্রকাশ করেছেন সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড নিয়ে।

তিনি আশা প্রকাশ করেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পরও এই দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে এবং ফলাফল প্রকাশ পর্যন্ত ভোটের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ডা. শফিকুর রহমান ভোটারদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, অংশগ্রহণ ইতিমধ্যেই ভালো। আশা করছি এই নির্বাচনে জনগণ নতুন কোনো ফ্যাসিবাদকে আর স্বাগত জানাবে না।