ডেস্ক রিপোর্ট: সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রবিবার (১০ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব। স্বাস্থ্যসচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়েছে, দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে এবং অল্প সময়ের ব্যবধানে শত শত শিশুর মৃত্যু হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশনা প্রয়োজন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে দেখা গেছে, দুই মাসেরও কম সময়ে হাম ও এর উপসর্গে দেশে ৩৫০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে।
তবে আক্রান্তদের মধ্যে ২৯ হাজারের বেশি শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এদিকে চলমান টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত সারা দেশে ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ শিশু হাম-রুবেলা টিকা পেয়েছে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ।
সরকার এ কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিল।