জমির ভাগ কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: জমির অংশ কম পাওয়ার ক্ষোভে নিজের জন্মদাতা পিতার কবরের বেড়া ও স্থাপনা ভাঙচুর করেছে ছেলে। এমন নজিরবিহীন ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শাহ্ আলম মিয়া শালু। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। বণ্টন অনুযায়ী দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার অংশে বাবার কবরস্থানটি পড়ে। তবে ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর দাবি, তার মেজো ভাইকে জমি বেশি দেয়া হয়েছে। এই ক্ষোভ থেকে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি ওই কবরের ওপর উঠে বেড়া ও অন্যান্য অংশ ভাঙচুর করেন এবং জায়গাটি নিজের বলে দাবি করেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, ‘পিতার কবরের ওপর এমন তাণ্ডব অত্যন্ত দুঃখজনক। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্তের শাস্তি দাবি করছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই। তিনি বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। একজন সন্তানের পক্ষ থেকে পিতার কবরের প্রতি এমন আচরণ সত্যিই অত্যন্ত বেদনাদায়ক।’

ঘটনার বিষয়ে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।