জুনেই বিসিবি নির্বাচন করতে চান তামিম

প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

ডেস্ক রিপোর্ট: কদিন আগে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটিকে ৯০ দিনের ভেতর বিসিবি নির্বাচন আয়োজন করার নির্দেশ দেওয়া হয়। আজ বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল জানিয়েছেন কবে হতে যাচ্ছে বিসিবি নির্বাচন।

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের সময় প্রেসবক্সে সাংবাদিকদের তামিম জানিয়েছেন আগামী জুন মাসেই হবে বিসিবির নির্বাচন।

নির্দিষ্ট সময়সীমা জানিয়ে তামিম বলেন, ‘আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করে ফেলতে চাই। সেটা না হলে দ্বিতীয় সপ্তাতেই এটা করবো নিশ্চিতভাবে।’

৯০ দিনের ভেতর নির্বাচনের কথা থাকলেও এর আগে তা আয়োজন করতে চান তামিম। এই ব্যাপারে বিসিবি প্রধান বলেন, ‘আমাদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু এর মানে এই নয় যে ২১ তারিখেই করতে হবে। এর আগেও করা যায়। সেক্ষেত্রে আমরা আগেই করে ফেলতে চাই। প্রথম ইচ্ছা জুনের প্রথম সপ্তাহে। যদি সেটা কোনোভাবে না হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহে এটা নিশ্চিতভাবেই করে ফেলবো।’

অনেক দিন ধরেই বাংলাদেশের ঘরের মাঠের কোনো আন্তর্জাতিক ম্যাচে বল বয় দেখা যায় না। তবে এবার সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আগামী ২৭ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের।

সেই ম্যাচ দিয়ে আবার মাঠে বল বয় ফেরাতে চান তামিম,‘আগে দেখতাম ম্যাচের সময়ে বাউন্ডারির চারপাশে তরুণ ক্রিকেটাররা বল বয় হিসেবে থাকতেন। এখনও পৃথিবীর অন্যান্য দেশে থাকে। কিন্তু কেনো জানিনা আমাদের এখানে সেটা বন্ধ হয়ে গেছে। এটা আমরা আবার চালু করতে চাই।’