ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান ও ঈদুল ফিতরের কারণে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ৪০ দিনের ছুটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২৬ মার্চ)। কিন্তু ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় আজ রবিবার (২৯ মার্চ) থেকে আবার খোলা হচ্ছে।

সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয় এবং ২৬ মার্চ পর্যন্ত চলেছে।

অন্যদিকে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনে সরকার ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতেও ঈদের ছুটি নির্ধারিত সময়ের আগেই কার্যকর হয়। ছুটি শেষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল।

এদিকে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটির কারণে শিক্ষার ঘাটতি পূরণের জন্য পরবর্তী ১০টি শনিবার ক্লাস চালানো হবে। অর্থাৎ ৪ এপ্রিল শনিবারেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে।

এর আগে গত বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঈদুল ফিতর ২০২৬ এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে; প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে; প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে; শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।