রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক জ্বালানি সংকট, যানজট ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বাস্তবতায় রাজধানীর কিছু প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে ব্লেন্ডেড (অনলাইন-সশরীর) ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অফলাইন (সশরীর) এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। আগামী রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে শনি, সোম ও বুধবার সশরীর ক্লাস হবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার—এই তিন দিন অনলাইনে ক্লাস হবে। শিক্ষকেরা স্কুলে এসে অনলাইন ক্লাসে অংশ নেবেন।

কোন কোন স্কুলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে—এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা করোনা না যে আমরা জোর করবো, এটা ব্লেন্ডেড এডুকেশন। অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা যাদের আছে, স্পেশালই ওয়েল রিনাউন্ড অ্যান্ড হিউজ ক্রাউডেড স্কুল।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলে যাচ্ছি না। তামিরুল মিল্লাত জয়েন করতে চাচ্ছে, আমরা কিন্তু উনাদের বলিনি।’

বাংলাদেশের সব স্কুলে এই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশে প্রস্তুতি নিতে পারলে সারা দেশেই তা বাস্তবায়ন করবো। যদি প্রস্তুতি নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টিপুলেট করা যাবে না যে লেখাপড়ায় ধস নামবে। এটা আমাদেরই সম্পদ—সেটা ভেবে-শুনে, আস্তে-ধীরে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগোবো।’