টানা ৫ দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

ডেস্ক রিপোর্ট: সারা দেশে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ৯টায় প্রকাশিত আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেদিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার এই বৃষ্টিপাতের ধারা শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ১৪ মার্চ থেকে সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সারা দেশের মধ্যে সর্বোচ্চ ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুর জেলায়।