ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬ শহীদ শরিফ ওসমান হাদি ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ২ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছেন। বুধবার (১১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন। এর আগে গত ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন। ওই চার্জশিটে উল্লেখ করা হয়, অভিযুক্তদের মধ্যে ১১ জন কারাগারে আছেন এবং বাকি ছয়জন পলাতক। তবে চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয় এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাকে দাফন করা হয়। এই ঘটনায় ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। শরিফ ওসমান হাদির মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। SHARES আইন আদালত বিষয়: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ২ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছেন।