১০ মামলায় আইভীর জামিন আপিল বিভাগে বহাল

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মে ১০, ২০২৬
ফাইল ছবি-সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী আন্দোলনকালে হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রবিবার (১০ মে) সকালে আপিল বিভাগ এ আদেশ দেন।

আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, আপাতত তাঁর মুক্তিতে কোনো বাধা নেই। সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হত্যা, পুলিশের কাজে বাধা ও সহিংসতার অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।

মোতাহার হোসেন সাজু বলেন, জামিন পাওয়া ১০ মামলার মধ্যে ছয়টি হত্যা মামলা। বাকি মামলাগুলো পুলিশের ওপর হামলা, সহিংসতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা হয়েছে।

এ ছাড়া আরও দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী।

এই দুই মামলার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আপিল করেছে উল্লেখ করে মোতাহার হোসেন সাজু বলেন, সেগুলো এখনো শুনানির জন্য আসেনি।