পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুন ১, ২০২৬ ডেস্ক রিপোর্ট: শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে বিএনপি সরকারের যাত্রা শুরুর সাড়ে তিন মাসের মাথায় পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুল রহমান রুমন সোমবার (১ জুন) এ তথ্য জানান। সোমবার সকালে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন দীপেন দেওয়ান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক আবেদনে তিনি জানান, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তাঁর বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করছেন। এ কারণে তিনি তাঁর পদত্যাগপত্র গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে দীপেন দেওয়ানের পদত্যাগ গ্রহণ করেছেন বলে জানা গেছে। ১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন দেওয়ান। তিনি একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেন। তার বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরি করার পর ২০০৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে সক্রিয় হন দীপেন দেওয়ান। গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ করার পর বিকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। দীপেন দেওয়ান প্রথমে জেলা বিএনপির আহ্বায়ক এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দীপেন দেওয়ান ছাত্রজীবন থেকে রাজনীতির অঙ্গনে কিছুটা সক্রিয় থাকলেও পরিবারের ইচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে লেখাপড়া শেষ করে বিসিএস কর্মকর্তা হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে পার্বত্য রাঙামাটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান। নির্বাচনে তিনি রেকর্ড ব্যবধানে বিজয় অর্জন করেন। ২১৩টি কেন্দ্রে তিনি মোট ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পান ৩০ হাজার ৯৯২ ভোট। SHARES জাতীয় বিষয়: