ভাসমান সেতু ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশু মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু নিখোঁজ রয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই ঘটনা ঘটে।

নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। ঈদের এই খুশির মধ্যে চার শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেওয়ানগঞ্জে।

নিহত শিশুরা হলেন- দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার দশ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও তার ১২ বছর বয়সী কন্যা খাদিজা ও আবির নামে এক শিশু।

স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুর উপর ভিড় করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে ভেঙে যায় ভাসমান সেতুটি। এতে অনেকে ব্রহ্মপুত্র নদে পড়ে যায়। একে একে সকলে সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ থাকে পাঁচ শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহায়তায় চারজন শিশুর মরদেহ উদ্ধার করে তারা। বাকিদের উদ্ধারে চলমান রয়েছে অভিযান।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মুবিন খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে নিখোঁজদের মধ্যে চার শিশুর মরদেহ উদ্ধার করি। এখনো একজন নিখোঁজ রয়েছে। আমরা তাদের উদ্ধারে অভিযান চলমান রেখেছি।