সরকারি চালের অর্থ আত্মসাৎ, এনসিপির দুই নেতাকে শোকজ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৬ ডেস্ক রিপোর্ট: সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার (২০ মার্চ) তাদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়। এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি জানান, কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী ও কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে এই নোটিশ দেওয়া হয়। তাঁদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে ওই দুই নেতার বিরুদ্ধে সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনী সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ উল্লেখ করা হয়। জানতে চাইলে কুমারখালী উপজেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, ‘শোকজ নোটিশ পেয়েছি। আমি আমার ব্যাখ্যা দিয়ে দেব।’ জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমরা ওই দুই নেতার বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো জানতে পেরেছি। দলের স্বচ্ছতা নিশ্চিতের জন্য তাঁদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণ না করতে পারলে আমরা বিষয়টি কেন্দ্রকে অবহিত করব। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’ SHARES রাজনীতি বিষয়: