মিয়ানমারে পাচারের সময় ৪৮ লাখ টাকার ডিজেল-আলকাতরাসহ আটক ৭

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের কর্ণফুলির ১৪ নম্বর ঘাট এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৬০০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৩০০ লিটার আলকাতরাসহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় একটি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়।

শনিবার (২৮ মার্চ) ভোরে এসব পণ্যসহ তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে কোস্টাগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি অবৈধ ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।