প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানের বিচার দাবি, বাসভবনে জুতা নিক্ষেপ

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর জেলা ছাত্রদল। বৃহস্পতিবার রাতে করা বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদল নেতারা অভিযুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বিচার দাবি করেন।

এ সময় তার কুশপুতুল দাহ করা হয়। গাজীপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলায় রাশেদ প্রধানের বিচার দাবি করে বিক্ষোভ কর্মসূচি করেছে ছাত্রদল।

এদিকে আজ শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে জাগপা (জাতীয় গণতান্ত্রিক পার্টি) নেতা রাশেদ প্রধানের বাসভবনের সামনে তার বিচারের দাবিতে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা রাশেদ প্রধানের বাসভবন লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে এবং বিভিন্ন স্লোগান দেয়।

বাসভবনের সামনে এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া রাশেদ প্রধানের পরিবারের সদস্যদের নিরাপত্তায় তার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।