চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে রাস্তার পিচ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: মধ্য চৈত্রে এসে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল তিনটায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, যা গরমের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই প্রচণ্ড তাপে জনজীবনকে অস্থির করার পাশাপাশি রাস্তার পিচ গলে নরম হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা নতুন কিছু নয়, তবে এবারের বৃদ্ধিটা অস্বাভাবিক দ্রুত। গতকাল বুধবার জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু মাত্র ২৪ ঘণ্টা পার হতেই আজ তা এক লাফে ৩৮.৫ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। অর্থাৎ একদিনেই তাপমাত্রা বেড়েছে ২.২ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ এই মাঝারি তাপপ্রবাহের কবলে পড়ে নাভিশ্বাস উঠেছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে দুপুরের দিকে বাইরে বের হওয়া সাধারণ মানুষের জন্য এক প্রকার দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। চুয়াডাঙ্গা শহরের মোটরসাইকেল চালক রবিউল ইসলাম বলেন, এই গরমে লাইনে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর। মাথা ঘুরে যায়। তেল নিতেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, এর মধ্যে গরমে শরীর একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক জামিনুর রহমান আজকের পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে জানান, বর্তমানে জেলার ওপর দিয়ে একটি মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দুপুর নাগাদ পারদ ৩৮.৫ ডিগ্রি ছুঁয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় শরীর থেকে ঘাম দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং জ্বালাপোড়া বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। SHARES সারা বাংলা বিষয়: মধ্য চৈত্রে এসে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল তিনটায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।