দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

ডেস্ক রিপোর্ট: একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। গত বৃহস্পতিবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানোর পর এবার আরও ২ হাজার ১৫৮ টাকা হ্রাস করা হয়েছে মূল্যবান এই ধাতুর দাম।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্য ঘোষণা করে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এর ফলে বর্তমানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় তাদের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।