নাহিদ রানার ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ব্যাচে বল হাতে যেন আগুন ঝড়াচ্ছেন পেসার নাহিদ রানা। পাকিস্তানের প্রথম ইনিংসের প্রথম ৫টি উইকেটের সবকটি শিকার করেছেন এই পেসার। তাঁর আগুন বোলিংয়ে চোখে যেন সর্ষেফুল দেখছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২.১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৭৭ রান।

পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদের হাতে বল দেন মিরাজ। আক্রমণে এসেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে তাকে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। ২৭ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

নিজের পরের চার ওভারের সবকটিতেই উইকেট পেয়েছেন নাহিদ। যথাক্রমে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। আর তাতে তাসের ঘরের মতো ভেঙে যায় পাকিস্তানের টপ অর্ডার।

১৯তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন মিরাজও। ওভারের শেষ বলে আব্দুল সামাদকে লিটনের গ্লাভস বন্দি করে ফেরান তিনি। ২৩তম ওভারে হোসাইন তালাতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। তাতে ৭৭ রানেই ৭ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান।