নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

প্রকাশিত: ৭:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬

ডেস্ক রিপোর্ট: ফাইনাল মানেই উত্তেজনা, টানটান লড়াই আর শেষ মুহূর্তের নাটকীয়তা! কিন্তু আহমেদাবাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ছিল একেবারেই ভিন্ন চিত্রের। শুরু থেকে শেষ পর্যন্ত একতরফা আধিপত্য দেখিয়ে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত।

এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তিও গড়েছে তারা। একই সঙ্গে এটি ভারতের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তুলে করে ৫ উইকেটে ২৫৫ রান। জবাব দিতে নেমে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে থামে ১৫৯ রানে। ৯৬ রানের অনায়াস জয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত!

টস জিতে আজ ফাইনালে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুতে দুই ওপেনার কিছুটা দেখে খেললেও এরপর থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন তারা। একের পর এক চার–ছক্কায় পাওয়ার প্লের ছয় ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৯২ রান তুলে নেয় ভারত।

ঝড়ো ব্যাটিং করে মাত্র ১৮ বলেই অর্ধশতক পূর্ণ করেন অভিষেক শর্মা। শেষ পর্যন্ত ২১ বলে ৫১ রান করে আউট হন তিনি। দ্বিতীয় উইকেটে নামা ইশান কিষাণকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান সঞ্জু স্যামসন। ফিফটির পর সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৯ রানে থামতে হয় তাকে। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও আটটি ছক্কা।

অন্যদিকে ইশান কিষাণও দারুণ ব্যাটিং করেন। চারটি চার ও চারটি ছক্কায় মাত্র ২৫ বলে ৫৪ রান করেন তিনি। তবে দলনেতা সূর্যকুমার যাদব প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান করে আউট হন। শেষদিকে মাত্র আট বলে ২৬ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে, আর তিলক ভার্মা করেন ৬ বলে ৮ রান।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জেমস নিশাম। তিনি তিনটি উইকেট নেন। ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট পান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের মধ্যেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান। এরপর ওপেনার টিম সেইফার্ট কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ড্যারেল মিচেল করেন ১৭ রান।

দলনেতা মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করে লড়াই চালিয়ে গেলেও অন্য ব্যাটাররা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। জেমস নিশাম ৮, ম্যাট হেনরি শূন্য, লকি ফার্গুসন ২ ও জ্যাকব ডাফি ১ রান করেন।

বড় ব্যবধানে হার মেনে শিরোপা হাতছাড়া হয় নিউজিল্যান্ডের। অন্যদিকে এই জয়ের মাধ্যমে আইসিসি টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিক সাফল্যও ধরে রাখল ভারত। ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৬ সালেও আরেকটি বড় শিরোপা ঘরে তুলল তারা!

সংক্ষিপ্ত স্কোর-

ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, ঈশান ৫৪, অভিষেক ৫২, শিবম ২৬*, পান্ডিয়া ১৮; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।

নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ (সাইফার্ট ৫২, স্যান্টনার ৪৩, মিচেল ১৭; বুমরা ৪/১৫, অক্ষর ৩/২৭, পান্ডিয়া ১/৩৬)।

ফল: ভারত ৯৬ রানে জয়ী।

ম্যাচসেরা: যশপ্রীত বুমরা।

সিরিজসেরা: সঞ্জু স্যামসন।