সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, মে ২, ২০২৬ ডেস্ক রিপোর্ট: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল সোয়া ৯টায় তিনি রওনা হয়েছে। বিএনপি মিডিয়া সেল থেকে দেওয়া এক ছবি তে দেখা যায়, এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। সিলেট জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। একই সময়ে তিনি ভার্চুয়ালি দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামে উপস্থিত প্রতিযোগীদের সঙ্গে যুক্ত হয়ে এই নতুন যাত্রার শুভসূচনা করবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচি ক্রীড়া পরিদফতরের মাধ্যমে বাস্তবায়িত হবে। আশির দশকের বহুল জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র সফলতার ধারাবাহিকতায় আগামী দিনের খেলোয়াড় তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’কে দেখা হচ্ছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মেগা এই ক্রীড়া আয়োজনে ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট। গত ১২ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নির্ধারিত সময়ে মোট ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন কিশোর-কিশোরী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৪৬ জন কিশোর এবং ৪৪ হাজার ১৩৩ জন কিশোরী। পরিসংখ্যান অনুযায়ী সর্বোচ্চ ১৫ হাজার ৩২৪ জন আবেদনকারী রয়েছে সিলেট জেলায়। এরপর রয়েছে চট্টগ্রামে ৯ হাজার ৩০৫ জন এবং ঢাকায় ৮ হাজার ৮৯৬ জন। SHARES জাতীয় বিষয়: