নতুন গভর্নর হলেন মোস্তাকুর রহমান

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন পোশাক খাতের ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান।

বুধবার (২৫ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।

মো. মোস্তাকুর রহমান গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক হতে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক অর্থনীতিবিদ মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর।

মো. মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালের ১২ মে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ব্যাচেলর (সম্মান) এবং মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ১৯৯২ সালে আইসিএমএ,বি থেকে সিএমএ ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক সংস্থার সক্রিয় সদস্য। এর মধ্যে উল্লেখযোগ্য বিজিএমইএ, রিহ্যাব, আটাব ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বর্তমানে তিনি হেরা সুইটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি রপ্তানিমুখী উৎপাদন ও ব্যাংকিং ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিত করছে।

মোস্তাকুর রহমানের দক্ষতা শুধু কর্পোরেট ফাইন্যান্সে সীমাবদ্ধ নয়। তিনি বোর্ড গভর্ন্যান্স, আর্থিক তদারকি, মূলধন কাঠামো, রপ্তানি অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ। এছাড়া তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক বোর্ড সদস্য এবং বিজিএমইএ-এর বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও নিবেদিতপ্রাণ। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, অসহায় রোগীদের চিকিৎসা এবং প্যালিয়েটিভ কেয়ারসহ বিভিন্ন দাতব্য কার্যক্রমে তিনি সক্রিয়।

মোস্তাকুর রহমানের আন্তর্জাতিক অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। তিনি যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ভারত ও নেপাল ভ্রমণ করেছেন এবং বৈদেশিক বাজার ও শিল্প খাত সম্পর্কিত নীতিনির্ধারণী সংলাপে অংশগ্রহণ করেছেন।

এর আগে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়।

নিয়োগের পর থেকেই গভর্নর ড. আহসান এইচ মনসুরের বিরুদ্ধে নানান অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগ আসতে থাকে। তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট জব্দ করে প্রতিষ্ঠানগুলোর এলসি খোলা বন্ধ রাখেন। এতে করে দেশের ব্যবসা খাত ভঙ্গুর হয়ে পড়ে।

এছাড়া তার বিরুদ্ধে গুরুতর একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। কাউন্সিলের নেতারা জানান, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার ঘনিষ্ঠ ব্যক্তিদের কতিপয় সিদ্ধান্ত ও কার্যক্রম প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, নিয়মনীতি ও নৈতিকতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এর ফলে প্রাতিষ্ঠানিক সম্মান ও সুনামহানির প্রশ্ন ওঠায় কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে কাউন্সিলের পক্ষ থেকে গভর্নরের কতিপয় অনিয়মের বিষয়ে উচ্চপর্যায়ে তদন্ত কমিটি গঠন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।