ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৩০

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোলাগুলি, অফিস ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট, পোস্ট অফিস মোড় এবং আশপাশের এলাকায় সংঘর্ষ শুরু হয়। এ সময় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান গ্রুপের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের আগে চাঁদরাতে হাবিব গ্রুপের কর্মীরা মেহেদী হাসান গ্রুপের আব্দুল্লাহ রউফ আব্দুলকে কুপিয়ে গুরুতর জখম করেছিলেন। এর জের ধরে প্রতিপক্ষের সমর্থকরা হাবিব গ্রুপের কয়েকজনের বাড়িঘর ভাঙচুর করেন। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

একই দিন সকালে উভয় পক্ষ পৃথক সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে শহরে বিক্ষোভ মিছিল বের করলে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সংঘর্ষ একপর্যায়ে পুলিশ ক্ষমতার বাইরে চলে যায়। এতে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের সময় হাবিবুর রহমান হাবিবের কার্যালয় ভাঙচুর করা হয় এবং তার সমর্থকদের অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকটিতে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।” বর্তমান পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।