দাম বাড়ছে না জ্বালানি তেলের PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সংকটের মধ্যেও জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এপ্রিল মাসেও দেশে বর্তমান দামেই বিক্রি হবে জ্বালানি তেল। মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আওতায় ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকাতেই বিক্রি হবে। মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সুপারিশের ভিত্তিতে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দাম পুরো এপ্রিল মাসজুড়ে কার্যকর থাকবে। সরকার প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করে। সে হিসেবে আজ মঙ্গলবার এপ্রিল মাসের দাম সমন্বয় করার ঘোষণা দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশেও অতি গুরুত্বপূর্ণ পণ্যটির দাম বাড়তে পারে এমন আশঙ্কা ছিল জনমনে। তবে শেষ পর্যন্ত সরকার জনগণকে স্বস্তি দিলো। আপাতত আগামী এক মাস জ্বালানি তেলের দাম বাড়ছে না। SHARES জাতীয় বিষয়: