নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে কোনো পরিবর্তন আনা হয়নি।

এই সিরিজ খেলতে পিএসএলের মাঝপথে ফিরতে হচ্ছে মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিদ হাসানদের। ১২ এপ্রিল পর্যন্ত তাদের এনওসি দেওয়া ছিল।

ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসের সঙ্গে থাকছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব। তবে সৌম্য এবারও ওপেনিংয়ে সুযোগ পাবেন কিনা- তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে বিকল্প হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ সাইফ হাসানকে। মিডল অর্ডারে রান বাড়ানোর দায়িত্ব সামলাবেন তাওহীদ হৃদয় ও মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন।

পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুলের পাশাপাশি আছেন নাহিদ রানা। তরুণ এই গতিতারকা সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতির ঝড় তুলে নজর কেড়েছেন। স্পিন বিভাগে অধিনায়ক মিরাজের অফ-স্পিনের পাশাপাশি থাকছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। তবে মাঝ ওভারে ব্রেক-থ্রু এনে দিতে বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে লেগ-স্পিনার রিশাদ হোসেনকে।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।