তেলের জন্য লাইনে দাঁড়িয়ে শিক্ষকের মৃত্যু PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: রংপুরে জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর পর্যটন মোটেল রোডের সুরমা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত মো. মেহেদী হাসান (৩২) নগরীর উত্তর মুন্সিপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লাহিড়ীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নিজের মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য সুরমা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন মেহেদী হাসান। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন এবং একপর্যায়ে মাটিতে ঢলে পড়েন। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং মানসিক চাপের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ‘তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন শিক্ষকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।’ SHARES সারা বাংলা বিষয়: