ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬ ডেস্ক রিপোর্ট: ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড গদাধর ডাঙ্গী গ্রামে দুই নারীসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। জানাগেছে, ওই গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় দুজন প্রতিবেশী ঠেকাতে আসলে তাদের একজনকেও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, আকাশের (হত্যাকারী) ফুপু রাহেলা বেগম (৪৫), তার দাদী আমেনা বেগম (৭০) ও প্রতিবেশী কাবুল আহমেদ (৪০)। কাবুল আহমেদ ওই গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় রিকশাচালক। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক ছিলেন। আলিয়াবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন হোসেন বলেন, রাত দশটার দিকে খবর পেয়ে ওই বাড়ির উঠানে গিয়ে তিনজনের লাশ পড়ে থাকতে দেখি। ঘাতক আকাশ পালিয়ে গেছে। তবে কি কারনে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম (৩৫)। তিনি ওই গ্রামের সিদ্দিক বাবুর্চির ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোঃ শহীদুল ইসলাম বলেন, তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক আকাশ কে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। SHARES সারা বাংলা বিষয়: