এসএসসির খাতা নিতে পরীক্ষকদের অনীহা, মঙ্গলবারের মধ্যে না নিলে ব্যবস্থা

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নিয়োগ পাওয়া ২৩৫ জন পরীক্ষক নির্ধারিত সময়েও খাতা সংগ্রহ করেননি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্টদের আজ মঙ্গলবারের (৫ মে) মধ্যে খাতা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (৪ মে) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের উত্তরপত্র মূল্যায়নের জন্য ই-টিআইএফভুক্ত শিক্ষকদের পরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। গত ৩০ এপ্রিল তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ৪ মে খাতা সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হলেও উল্লেখিত পরীক্ষকরা উপস্থিত হননি।

এই পরিস্থিতিতে উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। বোর্ড দ্রুত খাতা সংগ্রহ করে মূল্যায়ন কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে।