আটলান্টিকে জাহাজে ‘হান্টাভাইরাসের সংক্রমণ’, ৩ জনের মৃত্যু PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: আটলান্টিক মহাসাগরে একটি জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আটলান্টিক মহাসাগরে চলাচলকারী ওই প্রমোদতরীতে এই সঙ্কটের কথা জানার পরই তাদের পক্ষে সব ধরনের সাহায্য করা হচ্ছে। জাহাজটিতে এখনও পর্যন্ত পরীক্ষাগারে হান্টাভাইরাস সংক্রমণের একটি ঘটনা নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও পাঁচটি সন্দেহভাজন ঘটনা রয়েছে। আক্রান্ত ছয়জনের মধ্যে তিনজন মারা গিয়েছেন। এক জন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যায় আছেন। এই রোগটি সাধারণত ইঁদুর জাতীয় প্রাণি থেকে মানুষের দেহে ছড়ায়। জানা গেছে, আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে কেপ ভার্দেগামী এমভি হন্ডিয়াস জাহাজে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। এর আগেই, দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে ওই জাহাজে থাকা যাত্রীদের মধ্যে কয়েক জনের তীব্র শ্বাসকষ্টের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ফস্টার মোহাল জানান, জোহানেসবার্গে চিকিৎসাধীন রোগীর শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে। এটি এমন এক ধরনের ভাইরাস যা রক্তক্ষরণজনিত জ্বর ঘটাতে পারে বলেও জানান তিনি। হান্টাভাইরাসের সংক্রমণ খুবই বিরল। তবে এ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে এবং এর ফলে গুরুতর শ্বাসযন্ত্রের অসুস্থতা হতে পারে। প্রতিবেদন বলছে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে আটলান্টিকের ওই জাহাজের ৭০ বছর বয়সী এক যাত্রী এবং তাঁর স্ত্রীরও মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উপসর্গযুক্ত দুই যাত্রীর চিকিৎসার জন্য তাঁদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে জাতীয় কর্তৃপক্ষ এবং জাহাজটির পরিচালনাকারীদের মধ্যে সমন্বয় করা হয়েছে। জাহাজে ১৭০ জন যাত্রী এবং ৭০ জন ক্রু থাকতে পারেন। অন্য কারোর শরীরে যাতে এই রোগ বা ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেই দিকে লক্ষ্য রেখে পদক্ষেপ করা হচ্ছে বলেও জানানো হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আটলান্টিক মহাসাগরে একটি জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।