ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৭:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬ ডেস্ক রিপোর্ট: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদলু এজেন্সি। তার এই সফর ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার পথ খুলে দিতে পারে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে আরাগচি ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে আরাগচি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। যেখানে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এই সফর এমন সময় হলো, যখন পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ পুনরুজ্জীবিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকভ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানে গিয়ে ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় এই সরাসরি আলোচনা হবে এবং পুরো প্রক্রিয়ায় ইসলামাবাদ গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা রাখছে। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই থাকবেন। তবে আলোচনার পুরো প্রক্রিয়ায় তিনি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকবেন। সূত্রগুলোর মতে, পাকিস্তান ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা পুনরায় শুরু করতে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে। তেহরানের সঙ্গে চলমান আলোচনা নতুন করে আলোচনার পথ তৈরি করতে পারে। এর আগে ১১-১২ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনা অবশ্য ভেস্তে গেছে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদলু এজেন্সি। তার এই সফর ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার পথ খুলে দিতে পারে।