ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীতে হতাহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৯ জন মার্কিন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৩৬৫ জন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

তবে সাম্প্রতিক সময়ে ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং নিখোঁজ ক্রুদের উদ্ধারে পরিচালিত অভিযানে কেউ আহত হয়েছেন কি না—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

আহতদের মধ্যে বাহিনীভিত্তিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেনাবাহিনীতে।

প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর ২৪৭ জন, নৌবাহিনীর ৬৩ জন, মেরিন কোরের ১৯ জন এবং বিমানবাহিনীর ৩৬ জন আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।