কলার মোচা দেখিয়ে ট্রেন থামানো এনামুলকে রেলওয়ের সংবর্ধনা PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: লাঠির মাথায় কলার মোচার লাল পাপড়ি (খোল) ঝুলিয়ে সংকেত দিয়ে ট্রেন থামানো মো. এনামুল হককে (৬৫) সম্মাননা দিয়েছে রেলওয়ে। মঙ্গলবার (২৪ মার্চ) রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে তাঁকে ক্রেস্ট, সম্মাননা সনদ ও আর্থিক সম্মানী দেওয়া হয়। এনামুলের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেন পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপদ ট্রেন চলাচলে বাংলাদেশ রেলওয়েকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সহযোগিতা করে যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে একজন সুনাগরিকের দায়িত্ব পালন করায় বাংলাদেশ রেলওয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এ পুরস্কার দেয়। এর আগে সোমবার (২৩ মার্চ) সকালে ফুলবাড়ী-বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী পূর্ব চণ্ডীপুর এলাকায় এনামুল হক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পার্বতীপুর-ফুলবাড়ী-ঢাকা-খুলনা-রাজশাহীগামী রেলপথের প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পান। তাৎক্ষণিক তিনি আশপাশের লোকজনকে ডেকে রেলওয়ের অফিসে ফোন করতে বলেন। তাৎক্ষণিক লাল কাপড় না পাওয়ায় তিনি সঙ্গে দ্রুত পাশের একটি কলাবাগান থেকে কলার মোচা ভেঙে এনে পাপড়ি (মোচার অংশ) লাঠিতে বেঁধে রেললাইনে দাঁড়িয়ে যান। মাত্র ৫ মিনিটের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে আসে। কিন্তু এনামুলের হাতে ‘লাল পতাকা’ দেখে ট্রেনটি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে যায়। কয়েক শ যাত্রী ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। প্রতিদিন ওই পথে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, পার্বতীপুর, চিলাহাটিসহ উত্তরাঞ্চলে ১০-১৫টি ট্রেন যাতায়াত করে। SHARES জাতীয় বিষয়: লাঠির মাথায় কলার মোচার লাল পাপড়ি (খোল) ঝুলিয়ে সংকেত দিয়ে ট্রেন থামানো মো. এনামুল হককে (৬৫) সম্মাননা দিয়েছে রেলওয়ে। মঙ্গলবার (২৪ মার্চ) রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে তাঁকে ক্রেস্টসম্মাননা সনদ ও আর্থিক সম্মানী দেওয়া হয়।