মানবপাচার মামলায় গ্রেফতার মাসুদ উদ্দিন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: ওয়ান ইলেভেন সরকারের আমলে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ মঙ্গলবারই (২৪ মার্চ) আদালতে উঠানো হবে। আদালতে তার পাঁচ দিনের রিমান্ড চাইবে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এসব তথ্য জানিয়েছেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। এর আগে গতকাল সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারার বাসা থেকে ডিবির একটি দল মাসুদ উদ্দিনকে আটক করে। বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। এরমধ্যে ফেনীতে তিনটি হত্যা মামলা রয়েছে, যাতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বাকি ৮ মামলার তদন্ত চলমান রয়েছে। মানবপাচার ছাড়াও তার বিরুদ্ধে দুদকের মামলাও রয়েছে। ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কারও অবস্থান দেখে নয়, অপরাধ অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’ SHARES অপরাধ বিষয়: