ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: রাজধানীর তুরাগের মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এরপর স্থানীয় কয়েকটি হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে (ঢামেক) নিয়ে আসলে দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুক্তা আক্তারের বাবার নাম আব্দুল জলিল। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের লিমন হোসেনের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি বরগুনায়। তারা উত্তরা ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মুক্তা আক্তারের স্বামী জানান, তারা সকালে মার্কেটে দার্জির দোকানে গিয়েছিলেন। সেখানে কাপড়চোপড় দিয়ে উভয়ে বাসায় আসেন। পরে স্ত্রী মুক্তা আক্তার কিছু কেনার জন্য উত্তরা হাউজবিল্ডিং মার্কেটের উদ্দেশে বের হন। আধ ঘণ্টা পর সংবাদ পাই, সে আহত হয়েছে। তাকে বাংলাদেশ মেডিক্যালে নেওয়া হচ্ছে। লিমন বলেন, ‘আমার স্ত্রী সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশায় করে বাসায় ফেরার পথে তুরাগের মেট্রো রেলসংলগ্ন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা আমার স্ত্রীর ব্যাগ ধরে টান দিলে তিনি অটোরিকশা থেকে পড়ে গুরুত্ব আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘বরগুনায় তার বাবার বাড়িতে ঈদ করার কথা ছিল। এ জন্য সে খুবই খুশি ছিল। ঈদের পরদিন সেখানে যাওয়ার জন্য প্রয়োজনীয় কেনাকাটা করতে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। SHARES অপরাধ বিষয়: রাজধানীর তুরাগের মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক নারীর মৃত্যু হয়েছে।