জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে আজ PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬ ছবি: সংগৃহীত ডেস্ক রিপোর্ট: ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’। চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। এ বছরে জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’। এ সময়ে দেশের নদী ও সাগরে জাটকা ধরা সম্পূর্ণ নিষেধ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।গতকাল সোমবার (৬ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদফতরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী প্রমুখ। মন্ত্রী বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন টানা ৫৮ দিন বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকবে। তার আগে চলবে এ জাটকা সপ্তাহ। ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশের ইলিশসমৃদ্ধ ২০ জেলায় এ কর্মসূচি পালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুর সদরে। ইলিশ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং কার্যকর পদক্ষেপ নিয়েছে। পাচার রোধে সব ধরনের ব্যবস্থা রয়েছে। জাটকা সংরক্ষণ সপ্তাহে মৎস্যজীবী, ইলিশ ব্যবসায়ী, আড়তদার, ভোক্তাসহ সকল শ্রেণির জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উদযাপন করা হবে। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হবে। এ লক্ষ্যে তিন দিনব্যাপী কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ে অর্থাৎ জেলা ও উপজেলা পর্যায়ে উপযোগী কর্মসূচি পালিত হবে। SHARES জাতীয় বিষয়: