জামায়াত আমিরের নির্বাচনী খরচের হিসাব প্রকাশ

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নির্বাচনে মোট ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন কমিশনে জমা দেওয়া তার নির্বাচনী ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ব্যয়ের বিবরণী অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় খরচ হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা। এছাড়া পরিবহন খাতে ৮৮ হাজার ৯৬ টাকা, জনসভা আয়োজনের জন্য ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং নির্বাচনি ক্যাম্প পরিচালনায় ব্যয় হয়েছে ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা।

এছাড়াও, এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা। আবাসন ও প্রশাসনিক খাতে ব্যয় হয়েছে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণায় খরচ হয়েছে ৭১ হাজার ৬০ টাকা। সব মিলিয়ে তার মোট নির্বাচনী ব্যয় দাঁড়িয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা।

ঢাকা-১৫ আসনে জয়ী হয়েছেন ডা. শফিকুর রহমান। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী, প্রতি ভোটারের বিপরীতে ১০ টাকা পর্যন্ত ব্যয়ের সীমা রয়েছে। সেই হিসাবে এই আসনে সর্বোচ্চ ব্যয়সীমা ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। অর্থাৎ নির্ধারিত ব্যয়সীমার মধ্যেই তিনি নির্বাচনী ব্যয় সম্পন্ন করেছেন।