ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মামলা

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শ্যামলীতে বিনা পারিশ্রমিকে দুই হাজার কিডনি প্রতিস্থাপনকারী মানবিক চিকিৎসকখ্যাত ডা. কামরুল ইসলামের সিকেডি হাস হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে আসামি করে মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১১ এপ্রিল) রাতে হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৭-৮ জনকে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আক্কাস আলী।

তিনি বলেন, ‘হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় একজনের নাম উল্লেখ ও আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’