তেলের দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানালো পাম্প মালিক সমিতি PAYRA NEWS PAYRA NEWS প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬ ডেস্ক রিপোর্ট: বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে তেলের দাম সমন্বয় করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এক বিবৃতিতে এ মন্তব্য করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এর ফলে বাজারে তেলের কৃত্রিম সংকট ও মজুদ প্রবণতা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। মীর আহসান উদ্দিন পারভেজ আরো বলেন, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সাপ্লাই চেইন আরো কার্যকর হবে। এতে সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আস্থাও বাড়বে। তিনি সরকারের এমন বাস্তবসম্মত পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে ভবিষ্যতেও জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় থাকে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দরে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি দিতে হবে। অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি। এ ছাড়া পেট্রলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৯ টাকা বেড়েছে। SHARES জাতীয় বিষয়: